Header Ads

বাংলাদেশের ডায়েরি : পর্ব ৩ :ইকরার রিসেপশন

 


বাংলাদেশের ডায়েরি : পর্ব ৩ :ইকরার রিসেপশন

২৩.০৭.২০২৩ : আজ মামাতো বোন ইকরার রিসেপশন I বড়োমামা ধানমন্ডির বিজিবির ব্যাংকোয়েট হলে পার্টি আয়োজন করেছেন রাতে I যেহেতু আমরা বসুন্ধরায় ছিলাম সেটা ধানমন্ডি থেকে প্রায় ১৪-১৫ কিমি দূর I ঢাকায় এতো ট্রাফিক শুক্রবার ছুটির দিন ছাড়া শহরের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে জ্যাম খেতেই হবে I সন্ধ্যা ৮ টায় রওনা দিয়ে প্রায় পৌনে দশটা বেজে গেল সীমান্ত সম্ভার BGB Banquet Hall এ I বড়োমামা আয়োজনের কমতি রাখেননি, অসংখ্যবার হাজী হওয়া সত্ত্বেও রিসেপশনে বলিউডি গানের সাথে নাচের আয়োজন করেছেন দেখে খুব ভালো লাগলো I মটন বিরিয়ানি, চিকেন রোস্ট, বুরহানি সহযোগে রাতের খাবার সাংগ হলো I বহুদিন বাদে আত্মীয়স্বজনদের সাথে দেখা, সবার সাথে কথা বলতে বলতেই রাত ১১:৩০, যেহেতু আবার অনেকদূর ফিরবো রওনা দিলাম বসুন্ধরার উদ্দেশ্যে I রাতে এসে ব্যাগ পত্র গোছগাছ করতে হলো I পরেরদিন প্রকৃতিকন্যা সিলেট যাবো I


২৪.০৭.২০২৩ : যেহেতু ইকরার রিসেপশন উপলক্ষে আমার পরিবার, মেজো বোনের পরিবার মিলিত হয়েছিলাম বড়ো আপার বাড়ী, বড়ো দুলাভাইকে আগেই রিকুয়েস্ট করেছিলাম সিলেট ঘোরার জন্য একটি গাড়ী ঠিক করার I সেই মোতাবেক ১৬ সিটের একটি মাইক্রোবাস বুক করা হয়েছিল I সিলেট কেন যাচ্ছি? সিলেট উত্তর-পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর, একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকাই মূলত সিলেট শহর হিসেবে পরিচিত। সিলেট ২০০৯ সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে।সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক ভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। এ শহরের বিশাল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে।সিলেটের পাথর, বালুর গুণগতমান বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ। এখানকার প্রাকৃতিক গ্যাস সারা বাংলাদেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে।সিলেটের আগের নাম ছিল শ্রীহট্ট I ১৯৪৭ সালে আসামের অংশ সিলেট এক গণভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় I সড়ক পথে ঢাকা হতে সিলেটের দূরত্ব ২৪১ কিলোমিটার I সময় লাগে ৬ ঘন্টা I এছাড়াও ট্রেন যোগে কমলাপুর স্টেশন থেকে সিলেটে পৌঁছানো যায় I সিলেটে একটি আন্তর্জাতিক বিমানবন্দরও আছে I
আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে, ব্রেকফাস্ট করবো পথিমধ্যে I প্রায় ঢাকা থেকে ৮০ কিমি দূরে মেঘনা নদীর তীরে ভৈরব শহরে একটা রোডসাইড হোটেল (জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্টে ) এ নাস্তা খেলাম I তারপর হবিগঞ্জের কাছে শায়েস্তাগঞ্জে টি ব্রেক দিয়ে যখন আমরা সুরমা নদীর তীরে সিলেট শহরে পৌছালাম ঘড়ির কাঁটা ৪:৩০ I বুকিং ডট কমে ৩ রাতের জন্য হোটেল গ্রান্ড সুর্মা বুক করা হয়েছিল I সেই হোটেলে প্রবেশ করে সেই দিনকার মতো যবনিকা পাত হলো I পরের দিন যাবো সিলেট জেলার অন্যতম মুখ্য আকর্ষণ জাফলং I(চলবে)






No comments

Powered by Blogger.